ঢাকা | বঙ্গাব্দ

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
প্যারিস মাতালেন নগর বাউল জেমস ছবির ক্যাপশন: প্যারিস মাতালেন নগর বাউল জেমস
ad728

ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি সার্সেলে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ কয়েক হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন নগর বাউল জেমস।

রোববার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে প্যারিসের উপকণ্ঠ সার্সেলের একটি খোলা মাঠে এ আয়োজন করা হয়। দুপুর ১২টায় নিবন্ধন শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় রাত ১০টায়।

তিন হাজারেরও বেশি মানুষ এ আয়োজনে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

আয়োজনটির মূল আকর্ষণ ছিলেন ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস। এছাড়াও গান পরিবেশন করেন বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তি।এ সময় দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’ প্রতিবছরই এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করতে উদ্যোগী। ২০২৩ সালে সর্বশেষ এ আয়োজন করার কথা থাকলেও ফ্রান্সের তৎকালীন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

তবে এবার একটি সফল আয়োজন সম্পন্ন হয়েছে। বাংলাদেশিদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এ ধরনের একটি আয়োজনের অপেক্ষায় ছিলেন।

এদিকে, অনুষ্ঠানস্থলে পৌঁছাতে ফ্রান্সের যোগাযোগব্যবস্থায় কিছুটা ব্যাঘাত ঘটলেও আয়োজক কমিটি তিনটি বাসের ব্যবস্থা করে। বাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন স্টেশন থেকে অনুষ্ঠানস্থলে যাত্রী আনা-নেওয়ার কাজ করেছে।

এছাড়াও বাঙালির চিরায়ত ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন খেলার আয়োজন ছিল। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ছিল হরেক রকম পণ্যের স্টল। সমুচা, সিঙ্গাড়া, ঝালমুড়ি, পিঠা-পুলি, বিরিয়ানি, ডাবের পানি এবং বিভিন্ন ধরনের পানীয়ের ব্যবস্থাও ছিল। এক কোণায় জমে উঠেছিল পান-সুপারির স্টল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সার্সেলের ডেপুটি মেয়র, আয়োজনের স্পন্সর গ্রুপের কর্মকর্তারা, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : Daily Diner Alo

কমেন্ট বক্স
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার